ইসলামী জোটবদ্ধ দলগুলোই আগামীর প্রধান রাজনৈতিক শক্তি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫

ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ রেজাউল করিম মন্তব্য করেছেন যে, আগামী দিনে জোটবদ্ধ ইসলামী দলগুলোই দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে। আজ শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে তিনি এই ঘোষণা দেন। এসময় জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির কোনো বিকল্প নেই বলেও জোর দেন তিনি।

সৈয়দ রেজাউল করিম তার বক্তব্যে বলেন, ইসলামপন্থীদের মধ্যে ঐক্যের ব্যাপারে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তিনি আজকের এই জনসমুদ্রকে পিআর পদ্ধতির পক্ষে জনগণের রায় হিসেবে উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, মৌলিক সংস্কারের প্রশ্নে যারা দ্বিমত পোষণ করছেন, তারা জুলাইয়ের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন।

ইসলামী আন্দোলনের এই নেতা আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে বলেন, তাদের কোনো ক্ষমা নেই। তিনি আরও অভিযোগ করেন, কিছু লোক পালিয়ে থেকে উসকানিমূলক কথা বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। সৈয়দ রেজাউল করিম সংসদীয় ব্যবস্থায় উভয় কক্ষেই আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, “এবার ইসলামপন্থী দলগুলোর ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা পূরণ করতে হবে। সংস্কার, বিচার আর নির্বাচন আয়োজনে অটল থাকার জন্য সরকারের প্রতি আহ্বান থাকবে। সরকারের সহযোগিতায় কাজ করবে ইসলামী আন্দোলন।”

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে সৈয়দ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক চায়, তবে কোনো আগ্রাসী সম্পর্ক চায় না। তিনি নারীদের অধিকার প্রসঙ্গে বলেন, নারীরা জনসংখ্যার অর্ধেক এবং তাদের অধিকার সমুন্নত রাখাই ইসলামী আন্দোলনের অঙ্গীকার।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD