দুপুরেই জাতীয় স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড়

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
স্টেডিয়ামের সামনে ফুটবলপ্রেমীরা। ছবি: সংগৃহীত

জুন মাসের দ্বিতীয় সপ্তাহে প্রখর জ্যৈষ্ঠের কাঠফাটা রোদ উপেক্ষা করে ঢাকার জাতীয় স্টেডিয়ামের সামনে দুপুর থেকেই ফুটবলপ্রেমীদের জনস্রোত নেমেছে। এএফসি এশিয়ান বাছাইপর্বে বাংলাদেশের প্রথম হোম ম্যাচকে কেন্দ্র করে সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের বিপক্ষে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী ও সামিতদের লড়াই দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন হাজারো দর্শক। প্রতিটি প্রবেশমুখে রীতিমতো মিছিল করে মাঠে ঢোকার জন্য লম্বা লাইন দেখা গেছে।

ফুটবল পাড়ায় এই ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল আগে থেকেই, আর ভক্তদের এই দীর্ঘ লাইন তারই ক্ষুদ্র প্রমাণ। গত ভুটান ম্যাচে টিকিট হাতে নিয়েও মাঠে প্রবেশ করতে না পারার তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অনেকেই আজ বেশ আগেভাগে মাঠে হাজির হয়েছেন। পল্টন মোড় থেকে শুরু করে স্টেডিয়ামের সবগুলো প্রবেশপথ এখন ফুটবল ভক্তদের দখলে।

পল্লবী থেকে আসা সমর্থক শাহেদ জানান, “ভুটান ম্যাচে টিকিট থাকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারিনি। তাই এবার আর ঝুঁকি নেইনি। জামাল-হামজা-সামিতদের সমর্থন করতে অনেক সময় হাতে নিয়েই চলে এসেছি।” তার মতো আরও অনেক দর্শকই নির্দিষ্ট সময়ের অনেক আগেই স্টেডিয়ামে পৌঁছেছেন যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী, দুপুর ২টা থেকেই স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয়েছে। সাধারণ ভক্তরা বিকেল ৫টা পর্যন্ত মাঠে প্রবেশ করতে পারবেন। এর উদ্দেশ্য হলো, শেষ মুহূর্তের ভিড় এড়ানো এবং দর্শকদের জন্য একটি সুশৃঙ্খল প্রবেশাধিকার নিশ্চিত করা। ধারণা করা হচ্ছে, ম্যাচের নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় ভরে উঠবে।

ফুটবল ফেডারেশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দর্শকদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আশা করা হচ্ছে, বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে জাতীয় স্টেডিয়াম আজ এক উৎসবমুখর রূপ নেবে এবং বাংলাদেশের ফুটবল দল নিজেদের সেরাটা দিয়ে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে।

জামাল-হামজা ও সামিতদের আজকের এই লড়াই বাংলাদেশের এএফসি এশিয়ান বাছাইপর্বের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD