নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল দেশজুড়ে লুটপাট ও হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি আন্দোলনকারীদের অনুরোধ করেছেন, সড়কে বিক্ষোভ কর্মসূচি শেষ করে আলোচনার টেবিলে আসুন।
গতকাল, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের তীব্র আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং প্রেসিডেন্ট ও সরকারপ্রধান রাম কুমার পৌদেল পদত্যাগ করেছেন। এরপর ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী।
জেনারেল সিগদেল টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন,“কিছু গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিয়ে লুটপাট, হামলা এবং সরকারি-বেসরকারি সম্পদ ধ্বংস করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দেশজুড়ে কারফিউ জারি আছে। শান্তির স্বার্থে আলোচনায় আসুন। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের দাবি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।”
তিনি আরও সতর্ক করে বলেন,“যারা সেনাবাহিনীর আহ্বান উপেক্ষা করে ভাঙচুর, লুটপাট বা হামলা চালাবেন, তাদেরকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা হবে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।”
শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের দুই দিনের আন্দোলনে সহিংসতা দেখা দিয়েছে; নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮ সেপ্টেম্বর ১৯ জন নিহত ও শতাধিক আহত হন। পরের দিন আন্দোলন ভয়াবহ রূপ নেয় এবং পার্লামেন্ট, মন্ত্রিপ্রধানের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ শুরু হয়।