কেয়া-ফারহানকে নিয়ে প্রেমের ‘বাজি’

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

গল্পটা তুমুল প্রেমের, তুমুল পরাজয়েরও বটে। একই সঙ্গে গল্পটা এক সফল বাজিকর ও এক গ্যাংস্টারের করুণ পরিণতির। এমনই এক অ্যাকশন রোমান্টিক থ্রিলার নিয়ে ঈদে হাজির হচ্ছেন নায়ক মুশফিক আর ফারহান ও নায়িকা কেয়া পায়েল। এই জুটির বিপরীতে অনেকটা ভিলেনের বেশে হাজির থাকবেন শক্তিমান অভিনেতা মীর রাব্বি।

সিএমভি’র ব্যানারে ঈদের বিশেষ এই নাটকটির নাম ‘বাজি’। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। ফিল্মিক এই নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ।

‘বাজি’র গল্পটি সাজানো হয়েছে মফস্বলের এক বাজিকরকে ঘিরে। নাম জালাল। যে সব বাজিতেই জেতে। যদিও একবার এক মুরগি ধরার বাজিতে গিয়ে ধরে ফেলে একই গ্রামের সুন্দরী শিক্ষার্থী আনিকার পা! বাজিকরের জীবনে আসে নতুন গল্প।

নির্মাতা জানান, পুরো নাটকটির গল্পই আবর্তিত হয়েছে বাজি ও বাজিকরের জীবন নিয়ে। তবে এর মধ্যে অন্যতম অনুষঙ্গ আবার প্রেম। টিভি দর্শকরা এমন থ্রিলার জনরার গল্প সচরাচর নাটকে দেখতে পান না বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

‘বাজি’র প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবে ‘বাজি’সহ প্রায় ২০টি কনটেন্ট উপহার দিচ্ছেন দর্শকদের। যার সব ক’টি ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে চাঁদরাত থেকে, সিএমভির ইউটিউব চ্যানেলে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD