বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ইঙ্গিত দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘আমরা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে রাজি হয়েছি।’
বুধবার (৮ এপ্রিল) দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন জয়শঙ্কর।
তিনি লেখেন, বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন তারা। বৈঠকের আলোচনার ধারাবাহিকতায় ভবিষ্যতেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।