ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আগামী মার্চে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা ও বিতর্ক।
ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে মুস্তাফিজকে খেলানো নিয়ে আপত্তি তুলেছেন ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়েকজন ধর্মীয় নেতা। তারা দাবি করেছেন, বাংলাদেশি ক্রিকেটারকে মাঠে নামানো হলে বিক্ষোভ ও ভাঙচুর চালানো হতে পারে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের ডাকও দেওয়া হয়েছে।
উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ বলেন, বাংলাদেশি খেলোয়াড়কে খেলানো হলে কলকাতাকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।
ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮–এর প্রতিবেদনে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।’
তবে এসব হুমকির মধ্যেও কড়া অবস্থান নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সংস্থাটির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, কূটনৈতিক পরিস্থিতির কোনো প্রভাব মাঠের ক্রিকেটে পড়বে না।
ইনসাইডস্পোর্টকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘বিষয়টি সংবেদনশীল, আমরা তা বুঝি এবং সরকারের সঙ্গে যোগাযোগ রাখি। তবে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশ এখনো আসেনি। বাংলাদেশ আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।’