কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যালট পেপারসহ ভোটের উপকরণ দেশের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ দপ্তর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনের প্রয়োজনীয় সব উপকরণ বিতরণ শুরু করেছেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

ভোটাররা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোট দিতে পারবেন। এর মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। এদের মধ্যে প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।

এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের দুই বিভাগীয় কমিশনার, ৬৪ জন জেলা প্রশাসক এবং তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া ৫৯৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে রয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল অংশ নিচ্ছে।

নির্বাচনে দলীয় প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন, যার মধ্যে ৬৩ জন দলীয় এবং ২০ জন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৪৬ জন। তাদের মধ্যে ১ হাজার ৬৯২ জন দলীয় এবং ২৫৩ জন স্বতন্ত্র প্রার্থী।

এদিকে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। পরে নতুন তফসিল ঘোষণা করে ওই আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD