ইসরায়েলি গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন যৌন অপরাধী এপস্টিন, ছিলেন মোসাদের এজেন্ট—এফবিআই নথিতে দাবি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

২০২০ সালের একটি এফবিআই নথিতে দাবি করা হয়েছে, কুখ্যাত ধনকুবের ও যৌন অপরাধী জেফরি এপস্টিন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের অধীনে ‘গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ’ নিয়েছিলেন। সম্প্রতি জনসমক্ষে আসা তথাকথিত ‘এপস্টিন ফাইলসে’ এই তথ্য উল্লেখ রয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই নথিটিকে কনফিডেনশিয়াল হিউম্যান সোর্স (সিএইচএস) প্রতিবেদন হিসেবে চিহ্নিত করেছে। এতে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ায় অভ্যন্তরীণ বা বৈদেশিক অনভিপ্রেত প্রভাব সংক্রান্ত গোয়েন্দা তথ্য থাকলেও পরে ওই সূত্র আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য দেয়।

নথি অনুযায়ী, ওই সূত্র হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক অ্যালান ডারশোভিৎজ এবং জেফরি এপস্টিনের মধ্যে হওয়া ফোনালাপ সম্পর্কে অবগত ছিলেন এবং সেই কথোপকথনের নোট রাখতেন। পরে এসব তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাঠানো হতো বলে দাবি করা হয়েছে।

২০২০ সালের ১৬ অক্টোবর তথ্যদাতা সূত্র দাবি করেন, এহুদ বারাক বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন ‘অপরাধী’ হিসেবে বিবেচনা করতেন। ওই সূত্র আরও দাবি করেন, এপস্টিন সম্পর্কিত একাধিক কথোপকথন শোনার পর তিনি নিশ্চিত হন যে, এপস্টিন মোসাদের একজন এজেন্ট ছিলেন।

সূত্রটি আরও জানান, ডারশোভিৎজ এক মার্কিন আইনজীবীকে বলেছিলেন, ‘এপস্টিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশ—উভয় পক্ষের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।’

এপস্টিন ফাইলসে মাত্র একবার উল্লেখ থাকা ওই সূত্র আরও দাবি করেন, ডারশোভিৎজ নিজেও মোসাদের হয়ে কাজ করতেন।

অ্যালান ডারশোভিৎজ দীর্ঘদিন ধরেই বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এবং তিনি নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু ও উপদেষ্টা হিসেবে পরিচিত। তিনি জেফরি এপস্টিন, হার্ভে ওয়াইনস্টাইন এবং ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন উচ্চপ্রোফাইল ব্যক্তির আইনি লড়াইয়ে তাদের পক্ষে কাজ করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডে ওয়ান ভেঞ্চারস নামের একটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান সিলিকন ভ্যালিতে প্রযুক্তি চুরির উদ্দেশ্যে কাজ করছিল বলে ওই সূত্র বিশ্বাস করতেন। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন এপস্টিনের সাবেক জনসংযোগ কর্মকর্তা মাশা বুচার। সূত্রের দাবি অনুযায়ী, মাশা রাশিয়ার যুব আন্দোলনে ভ্লাদিমির পুতিনের প্রধান যোগাযোগকারী ছিলেন।

এ ছাড়া সূত্রটি ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনারের পরিবারের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের সম্পর্কের ইঙ্গিত দেন। তিনি জ্যারেডের বাবা চার্লস কুশনার ও ইসরায়েলের সঙ্গে কুশনার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের কথিত দুর্নীতিপূর্ণ ব্যবসায়িক ইতিহাসের কথা উল্লেখ করলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি।

সম্প্রতি প্রকাশিত অন্যান্য নথিতে এপস্টিন ও এহুদ বারাকের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার বিষয়টি উঠে এসেছে। বারাক ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

নথি অনুসারে, এপস্টিন প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালান্টিয়ার সম্পর্কে বারাককে পরামর্শ দিতেন। পাশাপাশি সাবেক ব্রিটিশ মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসনকে একটি জ্বালানি কোম্পানিতে চাকরি দেওয়ার বিষয় এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে বিপুল পরিমাণ পরামর্শক ফি দেওয়ার বিষয়েও বারাকের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD