জাপানের পূর্বাঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পসহ পরপর বেশ কয়েকবার ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে দেশটির সীমানে এবং তোত্তোরি জেলাসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলো এই কম্পনে কেঁপে ওঠে। তবে বড় ধরনের এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
দেশটির আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে প্রথম দফায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর রেশ কাটতে না কাটতেই ৫.১ মাত্রার আরও একটি বড় কম্পন অনুভূত হয়। পরবর্তীতে বেশ কয়েকবার মৃদু আফটার শক বা ভূ-কম্পন রেকর্ড করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সমুদ্র উপকূলে সুনামির কোনো আশঙ্কা নেই। তবে আগামী দুই-তিন দিন ৫ মাত্রার চেয়ে বেশি শক্তিশালী কম্পন বা আফটার শক হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধস ও পাথর ধসে পড়ার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
ভূমিকম্পের পরপরই দেশটির দ্রুতগামী ‘বুলেট ট্রেন’ চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে এখন পর্যন্ত কোনো স্থাপনার বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ওই অঞ্চলের দুটি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ সঞ্চালন লাইনে অস্বাভাবিক কোনো ত্রুটি ধরা পড়েনি। বিভিন্ন ভবনে থাকা সিসিটিভি ফুটেজে ভূমিকম্পের সময় তীব্র কম্পনের চিত্র দেখা গেছে।
জাপানের আবহাওয়া দপ্তর আগামী কয়েক দিন আক্রান্ত অঞ্চলের মানুষকে সর্বোচ্চ সতর্কতায় থাকার পরামর্শ দিয়েছে।