পলো খেলতে গিয়ে মারা গেলেন কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সাথে কারিশমা কাপুর
প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সাথে কারিশমা কাপুর। ছবি: সংগৃহীত

ভারতের খ্যাতনামা শিল্পপতি ও সোনা কমস্টারের চেয়ারম্যান সঞ্জয় কাপুর বৃহস্পতিবার পলো খেলতে গিয়ে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয়ের এই অকাল প্রয়াণে বলিউড ও ব্যবসায়িক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও এএনআই-এর বরাত দিয়ে জানা যায়, যুক্তরাজ্যে একটি পলো ম্যাচ চলাকালীন ঘোড়ায় চড়া অবস্থায় সঞ্জয়ের মুখে একটি মৌমাছি ঢুকে পড়ে। এতে সঙ্গে সঙ্গেই তাঁর দেহে তীব্র শারীরিক প্রতিক্রিয়া দেখা দেয় এবং কিছুক্ষণের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। মাঠেই দ্রুত চিকিৎসা শুরু করা হলেও শেষ রক্ষা হয়নি।

সঞ্জয় কাপুর ছিলেন ভারতের অটোমোটিভ খাতের অন্যতম প্রভাবশালী শিল্পপতি। তিনি সোনা কমস্টারের চেয়ারম্যান হওয়ার পাশাপাশি কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)-এর উত্তরাঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর অধীনে ছিল দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু-কাশ্মীরসহ সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল।

পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সঞ্জয় ছিলেন আলোচিত। তিনি প্রথমে বিয়ে করেন ফ্যাশন ডিজাইনার নন্দিতা মহতানিকে। এরপর ২০০৩ সালে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান—সামায়রা ও কিয়ান। নানা মতবিরোধ ও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিচ্ছেদ হয় ২০১৬ সালে। পরে সঞ্জয় বিয়ে করেন মডেল ও উদ্যোক্তা প্রিয়া সচদেবকে, যাঁর সঙ্গে তাঁর আরও একটি সন্তান রয়েছে।

মৃত্যুর কিছু ঘণ্টা আগেই সঞ্জয় কাপুর তাঁর সোশ্যাল মিডিয়ায় আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছিলেন, “আহমেদাবাদে মর্মান্তিক এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার খবর শুনে গভীরভাবে শোকাহত। প্রার্থনা ও সহমর্মিতা রইল নিহতদের পরিবারের প্রতি।”

প্যাশন, প্রতিভা ও নেতৃত্বগুণে ভরপুর সঞ্জয় কাপুরের মৃত্যুতে ব্যবসায়ী মহল ও সমাজের নানা স্তরে নেমে এসেছে শোকের ছায়া। শুধু একজন সফল শিল্পপতি হিসেবেই নয়, একজন ক্রীড়ানুরাগী, মানবিক এবং বহুমাত্রিক ব্যক্তিত্ব হিসেবে তাঁকে স্মরণ করবেন অনেকেই।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD