বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের নতুন সিনেমা ‘কালীধর লাপতা’ মুক্তি পেয়েছে সম্প্রতি। সিনেমাটিতে কালীধরের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার ছেলের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন তার বাবা, বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন।
নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে একটি পোস্টে অমিতাভ লেখেন, “একই বছরে তিন ধরনের চরিত্র। প্রতিটি সিনেমায় নিজেকে আলাদা করে তুলে ধরেছ তুমি। পর্দায় এক মুহূর্তের জন্যও মনে হয়নি তুমি অভিষেক বচ্চন। তুমি যে আমার ছেলে, সে কারণে তোমার প্রশংসা করতেই পারি। কেউ আমাকে আটকাতে পারবে না।”
তবে ছেলের প্রতি এত প্রকাশ্য ভালোবাসা ও প্রশংসার মাঝেও এক প্রশ্ন উঠে এসেছে ভক্তদের কাছ থেকে—কেন বউমা ঐশ্বরিয়া রাই বচ্চনের কোনো প্রশংসা শোনা যায় না তার মুখে?
এমন প্রশ্নের জবাবে সম্প্রতি অমিতাভ বলেন, “আমি অভিষেকের প্রশংসা করলে আপনাদের কী? আর ঐশ্বরিয়া কিংবা জয়ার (জয়া বচ্চন) প্রশংসা আমি প্রকাশ্যে করি না। বরং মনে মনে করি। আমার হৃদয়ে তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান রয়েছে।”
অমিতাভের এই বক্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই এটিকে একান্ত পারিবারিক শালীনতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন বলিউডের সবচেয়ে আলোচিত ‘বউমা’ ঐশ্বরিয়ার প্রতি প্রকাশ্য সমর্থনের অভাব নিয়ে।
তবে এই মন্তব্যে একদিকে যেমন পরিবার নিয়ে তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে, তেমনি আবার তার বক্তব্যে ফুটে উঠেছে নির্বাক শ্রদ্ধা ও সংযমের ছাপ—যা অনেকেই বলিউডে এখনো বিরল বলে মনে করেন।