নিরবের হাত ধরে ইভা চৌধুরীর পথচলা শুরু

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

দীর্ঘদিন ধরে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘ভাসাভি’র শুভেচ্ছাদূত হিসেবে কাজ করে আসছেন চিত্রনায়ক নিরব। ব্র্যান্ডটির হয়ে বাংলাদেশ ও কলকাতার বেশ কয়েকজন জনপ্রিয় নায়িকার সঙ্গে ফটোশুট করেছেন তিনি। এবার তার সঙ্গী হলেন একেবারে নতুন মুখ—ইভা চৌধুরী।

ভাসাভির নতুন কালেকশনের জন্য সম্প্রতি একটি এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নিয়েছেন নিরব ও ইভা। ফটোশুটটি হয়েছে বাইফা ম্যাগাজিনের জন্য। এতে দুজনকে দেখা গেছে ভিন্ন ভিন্ন কাটিং ও প্যাটার্নের পোশাকে ক্যামেরাবন্দি হতে। পুরো ফটোশুটের নির্দেশনায় ছিলেন জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার ইমু হাশমি এবং মেকআপে ছিলেন সাজ্জাদ হোসেন পিয়াস।

নিরব বলেন, “সিনেমার বাইরে আমি নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের সঙ্গেই কাজ করি। বাইফা ম্যাগাজিনের প্রস্তাব পেয়ে না করতে পারিনি। কারণ, বাইফা অ্যাওয়ার্ড দেশের শিল্পী ও সিনেমাপ্রেমীদের জন্য এক সম্মানের জায়গা। তাদের নতুন উদ্যোগে যুক্ত হতে পেরে ভালো লাগছে।”

নতুন মডেল ইভাকে নিয়েও প্রশংসা করেন নিরব। তিনি বলেন, “ইভা নতুন হলেও বেশ সাবলীল। ডিরেকশন খুব দ্রুত ধরতে পারে। মন দিয়ে কাজ করলে ইভা শোবিজে ভালো অবস্থানে পৌঁছাবে বলে আমি বিশ্বাস করি।”

অন্যদিকে, প্রথমবারেই একটি জনপ্রিয় ব্র্যান্ড ও বড় প্রজেক্টে কাজ করতে পেরে উচ্ছ্বসিত ইভা চৌধুরী। তিনি বলেন, “শোবিজের প্রতি ভালোবাসা থেকেই মডেলিংয়ে আসা। ক্যারিয়ারের শুরুতেই ভাসাভির মতো একটি জনপ্রিয় ব্র্যান্ডের মডেল হওয়া, নিরব ভাইয়ার মতো একজন অভিজ্ঞ অভিনেতার সঙ্গে কাজ করা, ইমু ভাইয়ার মতো গুণী কোরিওগ্রাফারের নির্দেশনায় কাজ করা—সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। আমি সত্যিই খুব সৌভাগ্যবতী।”

তিনি আরও জানান, ভালো প্রস্তাব পেলে নিয়মিত অভিনয়েও আসার ইচ্ছা রয়েছে তার। সকলের কাছে দোয়া চেয়ে ইভা বলেন, “ভালো কাজ করে যেন সবার মন জয় করতে পারি, এটাই আমার চাওয়া।”

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD