টানা চার দিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে তীব্র শীত। উত্তরে হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশার দাপটে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.০২ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন ভোর ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে টানা কয়েক দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর আজ তাপমাত্রা এক লাফে অনেকটা নিচে নেমে এসেছে। সূর্যের দেখা না মেলায় এবং বাতাসের আর্দ্রতা বেশি থাকায় হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় সকালে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। তবে কনকনে ঠান্ডায় সাধারণ মানুষের চলাচল সীমিত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে অনেককে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের মতে, উত্তর দিক থেকে আসা হিমশীতল বাতাস এবং কুয়াশার আধিক্যই শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে থাকায় রাত ও দিনের ব্যবধান কমে এসেছে, যা শীতের অনুভূতিকে আরও প্রকট করে তুলেছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
এমএ