অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিক যাত্রা। শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এই যাত্রার মাধ্যমেই শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট।
আজ শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে প্রথম ফ্লাইটের যাত্রীদের বিদায় জানানো হবে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উদ্বোধনী দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি, সৌদিয়া ৪টি এবং ফ্লাইনাস ৪টিসহ মোট ১৪টি ফ্লাইট পরিচালনা করবে।
সরেজমিনে রাজধানীর আশকোনা হজক্যাম্পে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের ভিড়ে মুখরিত পুরো এলাকা। শুক্রবার সকাল থেকেই যাত্রীরা স্বজনদের নিয়ে ক্যাম্পে আসতে শুরু করেছেন। গাইবান্ধা থেকে আসা হজযাত্রী শামসুল হক জানান, ক্যাম্পের ব্যবস্থাপনায় তিনি সন্তুষ্ট। আগামীকাল শনিবার তার ফ্লাইট থাকলেও তিনি আগেভাগেই চলে এসেছেন। নোয়াখালীর গোলাম মোস্তফাও আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।
যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হজক্যাম্পের ভেতরেই হজযাত্রীদের ইমিগ্রেশন ও যাবতীয় নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করা হচ্ছে। এখান থেকেই যাত্রীরা সরাসরি বাসে করে বিমানে ওঠার সুযোগ পাবেন, যার ফলে বিমানবন্দরে আলাদা কোনো ঝক্কি পোহাতে হবে না।
হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আশকোনা এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন জানান, পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
এক নজরে এ বছরের হজ পরিসংখ্যান:
মোট হজযাত্রী: ৭৮,৫০০ জন। সরকারি ব্যবস্থাপনায়: ৪,৫৬৫ জন। বেসরকারি ব্যবস্থাপনায় (এজেন্সি): ৭৩,৯৩৫ জন। মোট ফ্লাইট: ২০৭টি (বিমান-১০২টি, সৌদিয়া-৭৫টি, ফ্লাইনাস-৩০টি)।
প্রাক-হজ ফ্লাইট শেষ: ২১ মে। হজ অনুষ্ঠিত হবে: ২৬ মে (চাঁদ দেখা সাপেক্ষে)। ফিরতি ফ্লাইট শুরু: ৩০ মে এবং শেষ হবে ১ জুলাই। ধর্মপ্রাণ এই মানুষগুলোর সুন্দর ও নিরাপদ হজ যাত্রা নিশ্চিত করতে ক্যাম্প কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।





