বলিউডে তারকাদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন নয়। দীর্ঘদিন ধরেই এই ইস্যুতে মুখ খুলেছেন করণ জোহর, অনুরাগ কশ্যপসহ একাধিক প্রযোজক ও নির্মাতা। তাঁদের দাবি, বড় তারকাদের ‘আকাশছোঁয়া’ পারিশ্রমিকের কারণেই হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার সেই বিতর্কের কেন্দ্রে এসেছেন দীপিকা পাডুকোন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী সিনেমা ‘স্পিরিট’-এ অভিনয়ের কথা ছিল দীপিকা পাডুকোনের। এর আগে তিনি প্রভাসের সঙ্গে ‘কাল্কি ২৮৯৮ এডি’-তে অভিনয় করেছেন। শোনা যাচ্ছিল, এই নতুন ছবিতেও তাঁদের জুটি বাঁধার কথা ছিল।
তবে নতুন খবরে জানা গেছে, দীপিকা আর ‘স্পিরিট’-এর অংশ নন। ছবির নির্মাতারা তাঁকে প্রজেক্ট থেকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করছে একাধিক ভারতীয় গণমাধ্যম। এর মূল কারণ বলা হচ্ছে দীপিকার ‘অত্যধিক’ পারিশ্রমিক ও চাহিদা।
প্রতিবেদন অনুযায়ী, দীপিকা কাজের সময় নির্ধারণ করে দেন—তিনি দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করবেন। পাশাপাশি তিনি ছবির লাভের একটি বড় অংশ দাবি করেন, যা নির্মাতাদের জন্য ছিল অস্বস্তিকর। এ ছাড়া দীপিকা নাকি তেলেগু ভাষায় সংলাপ ডাব করতে অনীহা প্রকাশ করেন।
যদিও তাঁর পারিশ্রমিক—প্রায় ২০ কোটি রুপি—নিয়ে নির্মাতারা আপত্তি করেননি, কিন্তু অন্যান্য চাহিদাগুলো মেনে নিতে পারেননি। ফলে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা বিরক্ত হয়ে অভিনেত্রীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। এখন তিনি নতুন অভিনেত্রী খুঁজছেন বলেও জানা গেছে।
কিছুদিন আগে পিঙ্কভিলার এক প্রতিবেদন দাবি করেছিল, দীপিকা অন্তঃসত্ত্বা থাকায় ‘স্পিরিট’ ছবির শুটিং পিছিয়ে যাচ্ছিল। মা হওয়ার পর দীপিকা নিজের কাজের ধরণে পরিবর্তন আনতে চেয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়। কাজের সময়, লাভের অংশ—সব মিলিয়ে কিছু নতুন শর্ত দেন তিনি, যা মানতে না পারায় ছবির সঙ্গে আর যুক্ত হননি তিনি।
তবে এই বিতর্ক নিয়ে এখনো পর্যন্ত দীপিকা পাডুকোন কিংবা পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তাঁদের নীরবতাই জল্পনা আরও বাড়িয়ে দিচ্ছে।
তরুণ প্রজন্মের অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাডুকোন। তাঁর অভিনয় ও ক্যারিশমা বরাবরই দর্শকপ্রিয়তা পেয়ে এসেছে। তবে তারকাদের পারিশ্রমিক ও অতিরিক্ত শর্তাদির কারণে যদি বড় প্রজেক্টে এমন ঝামেলা তৈরি হয়, তাহলে তা পুরো ইন্ডাস্ট্রির জন্যই চিন্তার বিষয়। বলিউড এখন কোন পথে হাঁটে, সেটাই দেখার অপেক্ষা।