বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫

শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপে পড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এবার পর্দার শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। তবে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও নুসরাত ফারিয়ার গন্তব্য ছিল থাইল্যান্ড।

আজ রোববার, (১৮) মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। আটকের পর বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করা হয়। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসরিন সুলতানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি মামলা রয়েছে। আপতত সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ভাটারা থানায় হস্তান্তর করেছে।

এর আগে, ২০২৩ সালের ১৩ অক্টোবর দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। এই সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি পালিয়ে ভারতে চলে যান। সেদিন থেকে এখন পর্যন্ত ভারতেই অবস্থান করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এরপর তাকে অনুসরণ করে একে একে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারাও।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD