ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার একটি গোপন অভিযানের তথ্য ব্যবহার করে বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার লাভের অভিযোগে যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনাকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত মাস্টার সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডাইক। অভিযোগ অনুযায়ী, গত ডিসেম্বরের শেষ দিকে তিনি ‘পলিমার্কেট’ নামের একটি পূর্বাভাসভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ৩২ হাজার ডলার বাজি ধরেন। তার পূর্বাভাস ছিল—জানুয়ারির মধ্যে মাদুরো ক্ষমতা থেকে সরে যাবেন।
তদন্তকারীরা জানান, ভ্যান ডাইক ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ নামে একটি গোপন সামরিক অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে বাজি ধরার আগেই তার কাছে সংবেদনশীল তথ্য ছিল। এই তথ্যের ভিত্তিতে তিনি মোট ১৩টি বাজি ধরেন। এমনকি অভিযানের কয়েক ঘণ্টা আগেও তিনি শেষ বাজিটি করেন। পরবর্তীতে এসব বাজি থেকে তিনি ৪ লাখ ডলারের বেশি লাভ করেন।
প্রসিকিউটরদের দাবি, অর্জিত অর্থ প্রথমে বিদেশি ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় এবং পরে অনলাইন ব্রোকারেজে জমা দেওয়া হয়, যাতে অর্থের উৎস গোপন রাখা যায়।
ঘটনায় তার বিরুদ্ধে গোপন তথ্য চুরি ও অপব্যবহার, জালিয়াতি এবং প্রতারণাসহ মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় তার প্রথম আদালত হাজিরা নির্ধারিত হয়েছে।
মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন বলেন, দেশের গোপন তথ্য রক্ষার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ব্যক্তিগত লাভের জন্য এসব তথ্য ব্যবহার করতে পারেন না।
এদিকে ‘পলিমার্কেট’ কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করার পর তারা বিষয়টি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে অবহিত করেছে এবং তদন্তে সহযোগিতা করছে।
উল্লেখ্য, ওই গোপন অভিযানে গোলাগুলির মধ্যে কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। বর্তমানে তিনি মাদক পাচার সংক্রান্ত মামলায় অভিযুক্ত এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।
সূত্র: সিএনএন