ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলা নিয়ে উদ্ভূত পরিস্থিতির মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে যোগাযোগ ও নিরাপত্তা ইস্যুতে চলা আলোচনার প্রেক্ষাপটে আজ বুধবার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বোর্ড।

সেখানে বিসিবি জানিয়েছে, ভারতকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনার অনুরোধের বিপরীতে আইসিসির প্রতিক্রিয়া ইতিবাচক এবং গণমাধ্যমে আসা ‘চূড়ান্ত সতর্কবার্তার’ খবরগুলো ভিত্তিহীন।

বিসিবি তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে বলেছে, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বোর্ডের উত্থাপিত উদ্বেগের বিষয়ে আইসিসি সংবেদনশীল। টুর্নামেন্টে বাংলাদেশের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

আইসিসি জানিয়েছে, বিসিবির পক্ষ থেকে দেওয়া যেকোনো নিরাপত্তা পরামর্শ বা পরিকল্পনাকে তারা গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং তা মূল নিরাপত্তা ছকের অন্তর্ভুক্ত করা হবে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোসহ বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছিল যে, আইসিসি বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার জন্য ‘আলটিমেটাম’ দিয়েছে এবং না খেললে পয়েন্ট হারানোর হুঁশিয়ারি দিয়েছে। বিসিবি এই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়ে বলেছে, এ ধরনের কোনো সতর্কবার্তা বোর্ড পায়নি। প্রকাশিত প্রতিবেদনগুলো বিভ্রান্তিকর এবং আইসিসির সঙ্গে চলমান আলোচনার প্রকৃত চিত্রের সঙ্গে এর কোনো মিল নেই।

বিবৃতিতে বোর্ড পুনরায় স্পষ্ট করে জানিয়েছে, ক্রিকেটারদের জীবন ও নিরাপত্তা বিসিবির কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। একটি সম্মানজনক ও বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে তারা আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে। বিসিবি মনে করে, আলাপ-আলোচনার মাধ্যমেই একটি সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠক নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। আন্তর্জাতিক কিছু গণমাধ্যম দাবি করে, আইসিসি ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে বিসিবির আজকের বিবৃতির পর এটি স্পষ্ট যে, বিষয়টি নিয়ে আলোচনা এখনো শেষ হয়ে যায়নি এবং আইসিসি বিষয়টি সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD