মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে শক্ত অবস্থান নেবে সরকার: রিজওয়ানা হাসান

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে শক্ত অবস্থান নেবে সরকার

আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সঙ্গে দেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখা হবে কি না, সে বিষয়েও আইনগত ভিত্তি ও প্রক্রিয়া যাচাই-বাছাই করছে অন্তর্বর্তী সরকার।

রোববার (৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

মোস্তাফিজের বাদ পড়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিপরীতে বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে। এই সিদ্ধান্তের পেছনে আসলে কী যুক্তি বা আইনগত ভিত্তি রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা কোনোভাবেই এই সিদ্ধান্তের অযৌক্তিক ভিত্তি গ্রহণ করতে পারছি না। ফলে আমাদের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন হয়ে পড়েছে।

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান জানান, বিষয়টি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আগে আইনি দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে। আইন উপদেষ্টাও বিষয়টি নিয়ে কাজ করছেন। কোন প্রক্রিয়ায় বা কোন মাধ্যমে এই সিদ্ধান্ত নিতে হবে, তা যাচাই-বাছাই শেষে আমরা চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করব।

তবে এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা স্পষ্ট করেন, এটি একটি সুনির্দিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করে নেওয়া অবস্থান, যা দুই দেশের সামগ্রিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা আরও উল্লেখ করেন, খেলাধুলা সংক্রান্ত কোনো যুক্তিতে যদি সিদ্ধান্তটি নেওয়া হতো, তবে সেটি ভিন্ন বিষয় ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে যুক্তিতে মোস্তাফিজকে সরিয়ে দেওয়া হয়েছে, তা পর্যালোচনার দাবি রাখে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD