থালাপতি বিজয়ের জনসভাকে ঘিরে মৃত্যুর মিছিল যেন থামছেই না। শেষ খবর পাওয়া পর্যন্ত পদদলিত হয়ে মারা গেছেন ৩৯ জন। শনিবার তামিলনাড়ুর কারুরে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক।
এ ঘটনায় স্থানীয়দের ক্ষোভ অভিনেতার দিকেও যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার আশঙ্কায় চেন্নাইয়ে তার বাসভবনে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, তামিলনাড়ু সরকারও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বিজয় লিখেছেন—“আমার হৃদয় বিদীর্ণ। শোকের ভাষা খুঁজে পাচ্ছি না। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
জানা যায়, ‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’-এর সমাবেশে যোগ দিতে সকাল থেকে ভিড় জমাতে থাকেন বিজয়ের সমর্থকরা। অনেকে প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু বিজয়ের আগমন বিলম্বিত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পদদলনের ঘটনা ঘটে।
ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ শীর্ষ রাজনীতিকরা নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন।