১৭ বছর পর গানের দল নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আসিফ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর দীর্ঘ ১৭ বছর পর সংগীতদল ‘দ্য এ টিম’ নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আগামী ৩০ আগস্ট তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে প্রায় দেড় মাসব্যাপী অন্তত ১০টি কনসার্টে অংশ নেবেন। সঙ্গে থাকবেন কণ্ঠশিল্পী আতিয়া আনিসা।

আসিফ বিদেশের কনসার্টে দীর্ঘদিন অংশ নিতে পারেননি রাজনৈতিক পরিস্থিতি ও পাসপোর্ট জটিলতার কারণে। ২০২৩ সালে ই-পাসপোর্ট পাওয়ার পর তিনি আবারও বিদেশের মঞ্চে গান গাওয়ার সুযোগ পান। তবে শর্ত ছিল, নিজের গানের দলকে সঙ্গে নিয়ে কনসার্ট করতে হবে। এর আগে মালদ্বীপে ‘দ্য এ টিম’ নিয়ে সফল কনসার্ট করেছেন তিনি।

আসিফ বলেন, “যাদের সঙ্গে দেশে গান গাই, তাদের নিয়েই বিদেশেও গান গাই। ২০০৬-০৭ সালে ল্যাপটপ মিউজিক জনপ্রিয় হয়ে ওঠায় বিদেশে যন্ত্রশিল্পীদের চাহিদা কমে যায়। তখনই সিদ্ধান্ত নিই, নিজের দল ছাড়া কনসার্ট করব না। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সফল হয়েছি। ৩০ আগস্ট আমেরিকার বাফেলোতে ঐতিহ্যবাহী ফোবানা কনভেনশনের মঞ্চে ‘দ্য এ টিম’ নতুন করে অভিষিক্ত হবে।”

‘দ্য এ টিম’-এর টিম লিডার ও কি-বোর্ডে আছেন উজ্জ্বল সিনহা, ড্রামসে বিকাশ রায়, লিড গিটারে শামু বড়ুয়া এবং বেজ গিটারে নাদিমুর রহমান। পুরো সফরের আয়োজন করছে গ্যালাক্সি মিডিয়া। বাংলাদেশ থেকে সমন্বয় করছেন রূপকথা প্রোডাকশনসের এনামুল কবীর সুজন।

সফরের পরিকল্পনা প্রসঙ্গে আসিফ জানান, সেপ্টেম্বর মাসজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কনসার্টে অংশ নেবেন। অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে ফেরার ইচ্ছা থাকলেও, কনসার্টের সংখ্যা বেড়ে গেলে সফর কিছুটা দীর্ঘ হতে পারে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD