প্রেম নিয়ে মুখ খুললেন জয়া

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

দুই বাংলায় সমানতালে কাজ করে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলতি বছরেই মুক্তি পেয়েছে তার চারটি চলচ্চিত্র—ঈদে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ এবং কলকাতায় ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। তবে অভিনয়ের সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও দিলেন নতুন এক খবর।

কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেস-কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো নিজের সম্পর্কে থাকার কথা প্রকাশ করেন জয়া। জীবনে বিশেষ কেউ আছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, অবশ্যই আছে। মানুষ তো একা থাকতে পারে না।”

যদিও নাম প্রকাশ করেননি, তবে জানিয়েছেন—তার ‘বিশেষ মানুষ’ চলচ্চিত্র জগতের কেউ নন। এটা কোনো সচেতন সিদ্ধান্ত ছিল না, তবে এমনটাই হয়ে গেছে।

জয়া বলেন, “আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হওয়া জরুরি—আমরা সেটা হয়েছি। সে আমার অনেক কিছু সহ্য করে। আমি বারবার ট্রাভেল করি, কলকাতায় এসে লম্বা সময় কাজ করি—এসব কিছুতে তার আপত্তি নেই। আমরা দুজনেই খুব প্রাইভেট মানুষ, নিজেদের মতো থাকার চেষ্টা করি।”

সঙ্গীর সবচেয়ে পছন্দের গুণ সম্পর্কে জয়া জানান, তিনি অনেক শান্ত স্বভাবের। সঞ্চালক মন্তব্য করেন, ‘আপনিও তো শান্ত।’ জয়া হেসে উত্তর দেন, “হ্যাঁ, সে কারণেই হয়তো তাকে পছন্দ করেছি।”

বিয়ে প্রসঙ্গে জয়া বলেন, “এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। খুব শিগগির বিয়ে করার ইচ্ছা আছে কি না, বা আদৌ হবে কি না—জানি না। তবে বিয়ে করে একসঙ্গে থাকার ধারণাকে শ্রদ্ধা করি। সিদ্ধান্ত এখনো নিইনি।”

তিনি আরও জানান, বিয়ে নিয়ে তার ভেতরে এক ধরনের ভয় কাজ করে—“এটা প্রস্তুতির বিষয় নয়, বরং মানসিকভাবে তৈরি হওয়ার ব্যাপার।”

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD