ভারতীয় ‘রিপাবলিক বাংলা’ টিভির সম্প্রচার বন্ধে হাইকোর্টের রুল

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
দেশের মাটিতে ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ রোববার (২২ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
এর আগে, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান ভারতীয় চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশে তাদের নিউজ ও কনটেন্ট নিষিদ্ধ ও ব্লক করার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করেন।
মাহমুদুল হাসানের রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইসিটি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়।
আবেদনে বলা হয়েছে, রিপাবলিক বাংলা একটি ভারতীয় টেলিভিশন চ্যানেল, যারা স্যাটেলাইট সম্প্রচারের পাশাপাশি ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিউজ ও কনটেন্ট প্রকাশ করে। অভিযোগ করা হয়েছে, এই চ্যানেলটি বাংলাদেশবিরোধী মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে এবং বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত। এমনকি চট্টগ্রাম বিভাগকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত করার মতো ভয়াবহ অপপ্রচারও চালিয়েছে চ্যানেলটি।
এছাড়া, রিপাবলিক বাংলা চ্যানেলটি ধারাবাহিকভাবে বাংলাদেশে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ‘মিডিয়া আগ্রাসনের’ মাধ্যমে দেশের জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।
রিটকারী বলেন, এর আগে এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরে আইনি নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু সরকার ওই টিভি চ্যানেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। তাই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই চ্যানেলের কনটেন্ট ব্লকসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে এই রিট দায়ের করা হয়।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD