ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির রাজনৈতিক থ্রিলার ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান পাম দ’অর জিতে নিয়েছে। কান থেকে এএফপি জানিয়েছে, ইরানের স্বৈরশাসন ও দুর্নীতির বিরুদ্ধে এক জোরালো অভিযোগ হিসেবে বিবেচিত এই চলচ্চিত্রটি পুরস্কার জয়ের মধ্য দিয়ে কানসের এবারের উত্তেজনাপূর্ণ আসরের পর্দা নামে।
প্রতিবাদী নির্মাতা হিসেবে পরিচিত পানাহি একসময় গোপনে চলচ্চিত্র তৈরি করতেন ও বিদেশি উৎসবে পাঠাতেন। দীর্ঘ ২২ বছর পর এবার তিনি সশরীরে কানসে অংশ নেন এবং চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান গ্রহণ করেন। জেলে কাটানো অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ একদল সাবেক বন্দির গল্প, যারা একদিন হঠাৎ তাদের সেই নির্যাতকের মুখোমুখি হয়, যে জেলে তাদের ওপর ভয়ংকর নিপীড়ন চালিয়েছিল। তারা এবার সিদ্ধান্ত নেয়, তাকে হত্যা করবে কি না।
পুরস্কার গ্রহণের সময় পানাহি বলেন, “এটা এমন এক মুহূর্ত যখন আমি সব ইরানিকে, দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে বলছি—আসুন আমরা আমাদের মতপার্থক্য ভুলে যাই। আমাদের দেশ এবং তার স্বাধীনতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
উৎসবের শেষ দিন শনিবার হঠাৎই বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ডুবে যায় কানসের একাংশ। রাস্তায় সৃষ্টি হয় যানজট, দোকান থেকে মানুষ বেরিয়ে আসে রাস্তায়। এক সেলুনে চুলে কালার লাগানো এক নারী বললেন, “এটা হয়তো শেষের শুরু।” তবে পালেহ দে ফেস্টিভালে দ্রুত জেনারেটর চালু হয় এবং ফের প্রদর্শনী শুরু হয়, আর প্রস্তুত হয় পুরস্কার ঘোষণার মঞ্চ।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশি চলচ্চিত্রে সম্ভাব্য শুল্ক আরোপ নিয়েও আলোচনার ঝড় ওঠে। উদ্বোধনী রাতে রবার্ট ডি নিরো মার্কিন প্রেসিডেন্টকে আক্রমণ করে বলেন, “এই শিল্পের স্বাধীনতার জন্য এখনই লড়াইয়ের সময়।”
অনেকেই মনে করছেন, এটি ‘মি-টু’ আন্দোলনের প্রতি উৎসব কর্তৃপক্ষের এক বাস্তব সম্মান জানানো পদক্ষেপ।