কাল মঞ্চে গান শোনাবেন সাবিনা ইয়াসমীন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

 

আগামীকাল শুক্রবার রাজধানীর একটি তারকা হোটেলে গান শোনাবেন সাবিনা ইয়াসমীন। ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ শীর্ষক এই পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর আবার মঞ্চে ফিরছেন শিল্পী। এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে পরদিন শনিবারও একই মঞ্চে গাইবেন এই বরেণ্য শিল্পী।

সাবিনা ইয়াসমীন বলেন, ‘এইচএসবিসির তিনটি করপোরেট অনুষ্ঠানে গান গাইব। তিনটিই আমার একক গানের অনুষ্ঠান। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকার দুটি অনুষ্ঠানে গাইব। এরপর তাদেরই আরেকটি অনুষ্ঠানে গাইব চট্টগ্রামে। সেটা হবে ১৮ ফেব্রুয়ারি। নিজের পছন্দের গানগুলোর পাশাপাশি শ্রোতাদের পছন্দের গানও গাইবার চেষ্টা করব। প্রায় এক বছরের বেশি সময় পর গান নিয়ে মঞ্চে উঠছি। খুবই ভালো লাগছে। এরই মাঝে টিমের সঙ্গে রিহার্সাল করছি। সর্বশেষ মঞ্চে গান গেয়েছিলাম অস্ট্রেলিয়াতে।’

 

অসুস্থতার কারণে গান থেকে দূরে ছিলেন সাবিনা ইয়াসমীন। জানিয়েছেন, ইচ্ছা করেই নিজের অসুস্থতার খবর সবাইকে জানাতে চাননি। ক্যানসারের চিকিৎসার পর নিয়মিত ফলোআপে সিঙ্গাপুর যেতে হয়েছে। চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন। এখন শরীর কেমন জানতে চাইলে সাবিনা ইয়াসমীন বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন পুরোপুরি সুস্থ আছি। সবার দোয়ায় ভালো আছি। আল্লাহর অশেষ রহমত, দেশবাসীর দোয়া আর মনের জোর ছিল বলেই বিপদ কাটিয়ে উঠতে পেরেছি।’

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD