যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি স্পষ্ট জানিয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ীভাবে যুদ্ধের অবসান চায়।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) জানিয়েছে, মার্কিন প্রস্তাব ফিরিয়ে দিয়ে তেহরান কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে প্রধান শর্ত হচ্ছে—স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ নিশ্চিত করা।
আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ ভাল তেহরান থেকে জানিয়েছেন, ইরানের দৃষ্টিতে অস্থায়ী যুদ্ধবিরতি বর্তমান সংকটের স্থায়ী সমাধান নয়। তার ভাষায়, “যুদ্ধবিরতি মানে হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য পুনরায় প্রস্তুতির সময় পাওয়া, যা পরবর্তী সময়ে আরও ভয়াবহ সংঘাত ডেকে আনতে পারে।”
ইরানের অবস্থান অনুযায়ী, তারা একটি বিস্তৃত আঞ্চলিক শান্তি চুক্তি চায়। এই চুক্তির আওতায় শুধু ইরান নয়, লেবানন, ইয়েমেন ও ইরাকসহ পুরো অঞ্চলে সামরিক হামলা বন্ধ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে না—এমন নিশ্চয়তাও চায় তেহরান।
প্রতিবেদনে আরও বলা হয়, চলমান সংঘাতে ইরান ইতোমধ্যে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, বিশেষ করে অবকাঠামো খাতে। এই ক্ষতি কাটিয়ে উঠতে দেশটি নতুন অর্থনৈতিক ব্যবস্থার কথাও ভাবছে।
এর মধ্যে অন্যতম প্রস্তাব হচ্ছে হরমুজ প্রণালিতে টোল আরোপ। ইরানের মতে, এই পথ দিয়ে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন হয়, ফলে টোল থেকে অর্জিত অর্থ পুনর্গঠনে কাজে লাগানো যেতে পারে।
বিশ্লেষকদের মতে, ইরানের এই অবস্থান থেকে বোঝা যায়, দেশটি সাময়িক সমাধানের বদলে দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও কৌশলগত নিশ্চয়তাকে বেশি গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে তারা এমন একটি চুক্তি চায়, যা ভবিষ্যতে নতুন করে সংঘাতের ঝুঁকি কমাবে।
সূত্র: আল জাজিরা