ফসিলস ব্যান্ডের প্রাক্তন শিল্পীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

জনপ্রিয় গানের দল ফসিলসের সাবেক সদস্য গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গে মিরর স্ট্রিটের বাসা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ৪৮ বছর।
চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ প্রথম দেখতে পান তার বর্তমান ব্যান্ড সহকর্মী মহুল চক্রবর্তী। তিনিই পুলিশকে খবর দেন। ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। কিন্তু কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

২০০০ থেকে ২০১৮ সাল, অর্থাৎ দীর্ঘ ১৮ বছর ফসিলসের সদস্য ছিলেন চন্দ্রমৌলি। পরে ‘গোলক’ নামে একটি দল গড়েন। তিনি সর্বশেষ এ দলেই সদস্য ছিলেন। তাঁর দলের এক সদস্যের কথায়, ‘নতুন করে দল হলো, সদ্য মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। তার মধ্যে এ রকম কাণ্ড ঘটে যাবে, ভাবতে পারিনি।’ গতকাল সকালেও ফেসবুকের প্রোফাইল ছবি বদলেছিলেন চন্দ্রমৌলি। কী এমন ঘটল যে কয়েক ঘণ্টার ব্যবধানে এই চরম সিদ্ধান্ত? উত্তর খুঁজছে পুলিশ।

চন্দ্রমৌলির মৃত্যুশোকের আবহ পশ্চিমবঙ্গের সংগীত দুনিয়ায়। ফসিলসের গায়ক রূপম ইসলাম ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘চন্দ্রমৌলির সঙ্গে গত বছর পর্যন্ত যোগাযোগ ছিল। নানান দার্শনিক বিষয়ে কথা হতো। কিছু কিছু গান নিয়ে তাঁর সঙ্গে বসার কথা ছিল। তবে তাঁর জীবন আলাদা করে চলছিল। আমার মনে হয় না সেসব গান আমি আর কোনো দিনই প্রকাশ করতে পারব।’

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD