বলিউডে তারকাদের অতিরিক্ত খরচ নিয়ে যখন প্রযোজকদের মধ্যে উদ্বেগ বাড়ছে, তখন অভিজ্ঞ প্রযোজক বনি কাপুর জানালেন অন্যরকম অভিজ্ঞতার কথা। নজির হিসেবে তুললেন মেয়ে জাহ্নবী কাপুর ও ভাই অনিল কাপুরের নাম।
সম্প্রতি গেম চেঞ্জার্স ইউটিউব চ্যানেলের সঙ্গে আলাপে বনি জানান, জাহ্নবী কখনো প্রযোজকদের ওপর বাড়তি চাপ দেন না। যদি অন্য শহরে শুটিংয়ের প্রয়োজনে যেতে হয়, নিজের টিকিটের খরচ তিনি নিজেই বহন করেন। এমনকি পরিবার বা সহযোগী কেউ সঙ্গে গেলে সেই খরচও বনিই বহন করেন।
অনিল কাপুরের শুরুর দিনের স্মৃতি টেনে বনি বলেন, “অনিল পাঁচতারা হোটেলে কাপড় ধোয়াত না, জামা-কাপড় বাড়ি নিয়ে আসত। বলত, লন্ড্রির খরচ অনেক, প্রযোজকের ওপর চাপ হয়ে যাবে।”
বর্তমান পরিস্থিতি নিয়ে বনি বলেন, এখনকার তারকাদের টিমের খরচই দিনে ১ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত দাঁড়ায়। সঙ্গে যোগ হয় স্টাইলিস্ট ও অন্যান্য ব্যয়। তার ভাষায়, “আজকের দিনে চলচ্চিত্রের ৯০ শতাংশই করপোরেট অর্থায়নে তৈরি হয়। তাই খরচের হিসাব নিয়ন্ত্রণে রাখা কঠিন।”
উল্লেখ্য, গত বছর অনিল কাপুরও তারকাদের অযৌক্তিক খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার মতে, বাড়তি খরচ কমানো গেলে মানসম্মত সিনেমা নির্মাণ সহজ হতো।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস