ওটিটিতে শিমু ও ইসলাম উদ্দিন পালাকার

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

গতকাল প্রকাশিত বেসুরার ট্রেলারে দেখা যায়, ছোট্ট এক মেয়ে সুর সাধনা করছে। কিন্তু সেটা বেসুরা হওয়ায় বলা হয়, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; যদি ছোট মেয়ের গলায় সুর না আসে, তাহলে তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে। একসময় ছোট মেয়েটি জানতে পারে, সুর পেতে হলে তাকে যেতে হবে ডাইনির কাছে। ট্রেলারের শেষে দেখানো হয়েছে ডাইনির একঝলক ।

বাংলা বর্ণের অদ্ভুত এই নামের মতো অদ্ভুত কিছু প্রচলিত গল্প ছড়িয়ে আছে দেশের আনাচে–কানাচে; যা শুনলে গা ছমছম করে ওঠে। তেমন চারটি গল্প নিয়ে ২০২২ সালে তৈরি হয় চরকি অরিজিনাল সিরিজ ‘পেট কাটা ষ’। ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ’মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ পর্বগুলোর মাধ্যমে প্রচলিত কিছু ভৌতিক গল্প বলে দারুণ প্রশংসা পান এর নির্মাতা নুহাশ হুমায়ূন।

দ্বিতীয় সিজনের নামকরণ করা হয়েছ ‘২ষ’। প্রথমটির মতো দ্বিতীয় সিজনেও থাকছে চারটি গল্প।নির্মাতা নুহাশ হুমায়ূন বলেন, ‘এটাকে মিউজিক্যাল কনটেন্ট বলা যায়। এ পর্বে যেহেতু সুর-বেসুরের ব্যাপার রয়েছে, তাই সংলাপে ছন্দ রেখেছি। চরিত্রগুলো ছন্দে ছন্দে কথা বলে। এখানে আমরা অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেছি।’

ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ‘ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। আমি যে ধরনের কাজ করতে চাই, ‘২ষ’ তেমন একটি কাজ। এর গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রমিজিং পরিচালক, চরকিও ভালো প্ল্যাটফর্ম। সব মিলিয়ে কাজটা ভালো মনে হয়েছে।’‘২ষ’ সিরিজের সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য্য এবং ‘বেসুরা’ পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

সিরিজে অভিনয় করা প্রসঙ্গে ইসলাম উদ্দিন পালাকার বলেন, ‘আমাকে ফোন করে বলা হলো, অভিনয় করতে হবে। চিন্তায় পড়ে গেলাম। বহুবার ক্যামেরার সামনে দাঁড়ালেও অভিনয় করিনি। যখন জানলাম, প্রীতম হাসান ভাই আছেন, তখন ভরসা পেলাম, সম্মতি জানালাম। প্রথমবার অভিনয় করতে ভালোই লেগেছে। গান আর সংলাপগুলো আমার মতো করেই করা। তাই কোনো অসুবিধাও হয় নাই।’

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD