দলের রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে এই সফরের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে তাদের এ ব্যাখ্যা চাইতে বলা হয়।
নোটিশপ্রাপ্ত পাঁচ নেতা হলেন—দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
নোটিশে উল্লেখ করা হয়, “গতকাল ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় নেতা ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এ বিষয়ে রাজনৈতিক পর্ষদকে পূর্বে কোনো ধরনের অবহিত করা হয়নি।”
এতে আরও বলা হয়, “আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট ব্যাখ্যা করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।”
উল্লেখ্য, ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতীয় নাগরিক পার্টির পাঁচ শীর্ষ নেতা বাংলাদেশ বিমানের বিজি-৪৩৩ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান। এই খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী গুঞ্জন তৈরি হয়। অনেকে দাবি করেন, ওই নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে বৈঠকে মিলিত হন। গুঞ্জনের জেরে স্থানীয় বিএনপি নেতারা ওই হোটেলের সামনে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেন।
তবে বৈঠকের বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। এনসিপির সংশ্লিষ্ট নেতারা এটিকে ব্যক্তিগত সফর বলে দাবি করেছেন।