রাষ্ট্রপতির অনুষ্ঠান বর্জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দফতর সেল) জাহিদ আহসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক বঙ্গভবনে দিবস উদ্‌যাপনের আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে পালন করাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ-অভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসংগতিপূর্ণ মনে করে।

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনের এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশি কূটনীতিকেরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিদের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD