মিথিলা ও রোজা জিতেছে: তসলিমা নাসরিন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ে নিয়ে হইচই পড়ে গেছে। ফেসবুকে অসংখ্য পোস্টে দেখা গেছে ‘তাহসান জিতেছে’ বলে মন্তব্য করেছেন অনেকেই। তবে তাহসান জিতেছে বলায় খেপেছেন লেখিকা তসলিমা নাসরিন। আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাহসান ও রোজার বিয়ে নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তসলিমা নাসরিন।

তসলিমা নাসরিন লিখেছেন, ‘ফেসবুক ছেয়ে গেছে ‘তাহসান জিতেছে তাহসান জিতেছে’। কেন তাহসান জিতেছে, বুঝে পেলাম না। সে একটা মেয়েকে বিয়ে করেছে বা করতে যাচ্ছে। এর মধ্যে জেতাজেতির কী হলো! হেটারোসেক্সুয়ালদের বিপরীত লিঙ্গে আকর্ষণ থাকে, তারা জীবনের কোনো এক সময় পছন্দসই কাউকে পেলে তার সঙ্গে প্রেম করে, লিভ ইন করে বা তাকে বিয়ে করে। এ তো স্বাভাবিক। জিতলো কেন তাহলে তাহসান?’

তিনি আরও বলেন, ‘আসলে যারা জিতেছে জিতেছে বলে চেঁচাচ্ছে, তারা চেঁচাচ্ছে কারণ তারা মনে করেছে তাহসান এক বাচ্চার বাবা হয়েও ডিভোর্সী হয়েও একটা ‘কচি সুন্দরী ভার্জিন মেয়ে’ পেয়েছে। মর্ত্যে বসে যত খুশি এবং যেভাবে খুশি নারী ভোগ করার পর স্বর্গে গিয়ে সঙ্গমের জন্য ভার্জিন হুর পেয়ে যাওয়াকে মুসলমানরা ”জিতে যাওয়া”ই মনে করে। কিন্তু রোজা আহমেদ রক্ত মাংসের মানুষ, হুর নয়, খুব সম্ভবত ভার্জিনও নয়। রাজকন্যার জীবন তার ছিল না, খুব স্ট্রাগল করেছে জীবনে’।

তসলিমা নাসরিন বলেন, ‘তাহসান জিতেছে, এই নিয়ে সবাই উল্লাস করছে। নারীবিদ্বেষী সমাজে সব পুরুষই জেতে। তাদের হার নেই। হারতে হয় শুধু নারীকেই। কিন্তু আমি কি মনে করি মিথিলা বা রোজা হেরেছে? না। তারা একটুও হারেনি। তারা স্বর্নিভরতা এবং স্বাধীনতা উপভোগ করতে পারছে- নারীবিদ্বেষী সমাজে নারীর জিতে যাওয়ার প্রথম শর্তই এটি। তারা ভ্রুক্ষেপ করছে না কুৎসা বা নিন্দে, এ জিতে যাওয়ার দ্বিতীয় শর্ত। ভাল না লাগলে তারা তাদের সঙ্গীকে, সে প্রেমিক হোক, সে স্বামী হোক, ত্যাগ করতে পারছে, তারা বাধ্য নয় তাদের সঙ্গে এক ছাদের তলায় বাস করতে, জিতে যাওয়ার এটি তৃতীয় শর্ত। স্বামীকে যদি কখনও পছন্দ না হয় রোজার, তার স্বনির্ভরতাই তাকে সাহস জোগাবে স্বামীকে ত্যাগ করার’।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD