গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত শতাধিক

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ডিবিএল গ্রুপের মালিকানাধীন জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩ জুন) সকালে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকদের অভিযোগ, শ্রমিকদের আন্দোলন ঠেকাতে পুলিশ তাদের উপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।

এর আগে, গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে জিন্নাত নিটওয়্যার কারখানার আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে জাকির হোসেন (২৫) নামে এক শ্রমিক মারা যান। শ্রমিকদের দাবি, ছুটি না দেওয়া, বেতন কর্তন, নির্যাতন ও অপমানের কারণেই জাকির হোসেন অভিমানে আত্মহত্যা করেছেন। এই ঘটনার পরই কারখানাটির শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা আন্দোলন শুরু করে। শ্রমিকদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে পুলিশ বলপ্রয়োগ করেছে।

জানা গেছে, উত্তেজিত শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসময় তাদের গায়ে টিয়ারশেল নিক্ষেপ করার পর একপর্যায়ে শ্রমিকরা পুলিশের উপরও চড়াও হয়। পরে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, “উত্তেজিত শ্রমিকরা গার্মেন্টসে ভাঙচুর করতে এলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। একপর্যায়ে পুলিশের উপরও হামলা চালায় শ্রমিকরা। পরে বাধ্য হয়ে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

সংঘর্ষের পর পুরো শ্রীপুর এলাকা থমথমে হয়ে আছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনা শিল্পাঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং শ্রমিক অসন্তোষের কারণগুলো খতিয়ে দেখার দাবি উঠেছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD