রাজধানীর হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস নামের একটি ট্রেন থেকে পাওয়া অস্ত্র নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। রোববার (২৬ অক্টোবর) বিকেলে এই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা ১১টা ১৫ মিনিটে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করে সেনাবাহিনী।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। ইতিমধ্যে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এতে আরও বলা হয়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ। দেশ থেকে সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএ