পোস্টাল ব্যালটে নিবন্ধনের নজির: সংখ্যা ছাড়াল ১৪ লাখ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
পোস্টাল ব্যালটে নিবন্ধনের নজির: সংখ্যা ছাড়াল ১৪ লাখ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে নিবন্ধনের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধনের সুযোগ থাকছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ সকাল পর্যন্ত মোট ১৪ লাখ ১০ হাজার ৯৬২ জন ভোটার এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ভোটারদের এই ব্যাপক অংশগ্রহণ বিশ্বজুড়ে এক নতুন নজির তৈরি করেছে। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানান, প্রবাসীদের পক্ষ থেকে অভাবনীয় সাড়া পাওয়া গেছে। তবে নিবন্ধনের সময়সীমা আর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

ইসির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬ লাখ ১৪ হাজার ৭০৩ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। আগামী ১০ জানুয়ারির মধ্যে নিবন্ধিত সব প্রবাসীর কাছে ব্যালট পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩২ হাজার ৬২০ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া মালয়েশিয়া, কাতার ও ওমান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।

সালীম আহমাদ খান সতর্ক করে বলেন, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের দায়িত্ব। কেউ নিয়ম লঙ্ঘন করলে তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেওয়া হতে পারে। এছাড়া সঠিক ঠিকানা না দেওয়ায় প্রায় ১০ হাজার ভোটারের কাছে পুনরায় তথ্য চেয়ে বার্তা পাঠানো হয়েছে।

প্রবাসী ছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা, কারাবন্দী ব্যক্তি এবং কর্মস্থলের কারণে এলাকার বাইরে থাকা সরকারি চাকুরিজীবীরা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন। দেশে এই ক্যাটাগরিতে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৬ লাখ ৬২ হাজার ১৫৬ জন।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম, তা প্রায় পূরণ হয়েছে। দেশের ভেতরে নিবন্ধনের সময় বাড়ানো হবে কি না, সে বিষয়ে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।

নিবন্ধনের দিক থেকে জেলা হিসেবে শীর্ষে রয়েছে কুমিল্লা (১ লাখ ৫ হাজার ৩৯০ জন)। এরপরই ঢাকা ও চট্টগ্রামের অবস্থান। অন্যদিকে সংসদীয় আসন হিসেবে ফেনী-৩ থেকে সবচেয়ে বেশি ভোটার (১৫ হাজার ৬০৩ জন) নিবন্ধিত হয়েছেন।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের অন্তত ১৪৮টি দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD