কেরানীগঞ্জে ভয়াবহ বিস্ফোরণে লণ্ডভণ্ড মাদরাসার দেয়াল, আহত ৪

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
কেরানীগঞ্জে ভয়াবহ বিস্ফোরণে লণ্ডভণ্ড মাদরাসার দেয়াল

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি মাদরাসা ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটির দেয়াল ধসে পড়ে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ককটেল ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে হাসনাবাদ এলাকায় অবস্থিত ‘উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসা’ ভবনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে একতলা ভবনটির বেশ কয়েকটি কক্ষের দেয়াল লণ্ডভণ্ড হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর নাগাদ হঠাৎ বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের ধাক্কায় মাদরাসা ভবনের দুটি কক্ষের দেয়াল সম্পূর্ণ ধসে পড়ে এবং ছাদ ও বিমে বড় ধরণের ফাটল দেখা দেয়। কেবল ওই ভবনটিই নয়, পার্শ্ববর্তী একটি বহুতল ভবনের জানালা ও আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আফসার উদ্দিন নামের এক প্রতিবেশী বলেন, “মাদরাসাটিতে প্রায় ৫০ জন ছাত্র পড়ে। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় ভবনটি প্রায় খালি ছিল। নয়তো বড় ধরণের প্রাণহানি হতে পারত।”

বিস্ফোরণে আহতরা সবাই ওই মাদরাসার পরিচালক শেখ আল আমিনের পরিবারের সদস্য। আহতরা হলেন- পরিচালক শেখ আল আমিন (৩২), তার স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাদের দুই সন্তান উমায়েত (১০) ও আব্দুল্লাহ (৭)।

পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে।

বাড়িওয়ালা পারভীন বেগম জানান, মুফতি হারুন নামের এক ব্যক্তি তিন বছর আগে ভবনটি ভাড়া নিয়ে মাদরাসা পরিচালনা শুরু করেন। তিনি তাঁর শ্যালক আল আমিনকে সেখানে দায়িত্ব দিয়ে রেখেছিলেন। মাদরাসার আড়ালে সেখানে কী চলছিল আমরা কিছুই জানতাম না। আজ পুলিশ ভেতর থেকে ককটেল আর কেমিক্যাল উদ্ধার করেছে।

বিস্ফোরণের সময় মাথায় ইট পড়ে জাকির হোসেন নামের এক পথচারীও আহত হন। তিনি জানান, বিস্ফোরণের পর মুহূর্তেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। পরবর্তী সময়ে বিশেষায়িত ক্রাইম সিন ইউনিট ও বোম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি চালিয়ে বেশ কিছু ককটেল, দাহ্য রাসায়নিক পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “ঘটনাস্থল থেকে বিস্ফোরক সদৃশ বস্তু ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে এবং কীভাবে বিস্ফোরণটি ঘটেছে, তা নিয়ে আমাদের তদন্ত চলছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD