নির্বাচনে অংশ নেওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুর রহমান চুন্নু

cunnu-20250809131259.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব মুজিবুর রহমান চুন্নু বলেছেন, তাদের নির্বাচনে অংশগ্রহণ কোনো বেআইনি কাজ ছিল না, তবে এতে যদি নৈতিক বা রাজনৈতিক কোনো ভুল হয়ে থাকে, সে জন্য দলীয়ভাবে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছেন।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর ইমানুয়েল পার্টি সেন্টারে আয়োজিত জাতীয় পার্টির ১০ম জাতীয় কাউন্সিলে তিনি এই বক্তব্য দেন। দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই ক্ষমা প্রার্থনাকে বিশ্লেষকরা একটি ‘দলীয় আত্মসমালোচনার গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে দেখছেন।

জাতীয় কাউন্সিলের মঞ্চে দাঁড়িয়ে চুন্নু বলেন, “আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। কিন্তু যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিল থেকে জাতির কাছে আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাইছি।”

তিনি আরও বলেন, “গত চার বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার কিছু ভুলভ্রান্তি নিশ্চয় থাকতে পারে। আমি দেশবাসী ও দলের নেতা-কর্মীদের কাছে অনুরোধ করব—এসবকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

চুন্নু স্বীকার করেন, অনেক সময় দলীয় সিদ্ধান্তে তাঁরা সঠিক পথ বেছে নিতে পারেননি।“আমরা রাজনীতি করতে গিয়ে হয়তো সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। অনেকেই আমাদের সহযোগী বা স্বৈরাচার-সমর্থক দল হিসেবে আখ্যা দেন। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ, আধুনিক গণতান্ত্রিক দল।” তিনি দেশবাসী, সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে সৌহার্দ্য ও সহযোগিতা কামনা করেন।

এদিন কাউন্সিল অনুষ্ঠানে জাতীয় পার্টির ভেতরে থাকা বিভক্তি নিরসনেরও ইঙ্গিত দেন নেতারা। চুন্নু বলেন, “আমরা এখন থেকে আইন-কানুন মেনে, গণতান্ত্রিকভাবে রাজনীতি করব। দেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে চাই।”

জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ প্রমুখ। অনুষ্ঠানে দলীয় পুনর্গঠন, রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Leave a Reply

scroll to top