টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়েছে। এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম একটি কবিতা আবৃত্তি করে তাকে অভিনন্দন জানান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি ছোট কবিতা পড়তে চাই।”
কবিতায় তিনি বলেন, “তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল। নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল—কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনও হাত ছিল না। তিনি এসে কম কথা বলে সময়ের কপালে লিখে দিলেন—‘উই হ্যাভ এ প্ল্যান’।”
কবিতার পরবর্তী অংশে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে বলা হয়, “তার দৃঢ়তা ছিল পাহাড়সম, আর হৃদয় ছিল শিশিরভেজা ঘাসের মতো কোমল। তিনি বিশ্ব দরজায় কড়া নাড়ে দেননি, বরং নিজের আলোয় দাঁড়িয়ে ছিলেন—ফলে দরজাগুলো নিজেই খুলে গেছে।”
কবিতায় আরও উল্লেখ করা হয়, “আজ দূরদেশেও বাংলাদেশের পতাকার রঙ দৃশ্যমান, বিদেশি বাতাসেও উচ্চারিত হয় এই দেশের নাম। নেতৃত্ব শুধু সামনে এগিয়ে যাওয়া নয়, ক্লান্ত মানুষের চোখে নতুন স্বপ্ন জাগিয়ে তোলাই প্রকৃত নেতৃত্ব।”





