ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রয়েছে। শুক্রবার মধ্যরাতে ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর শিক্ষার্থীদের মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এর পরিপ্রেক্ষিতে শনিবার প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রদলের সঙ্গেও বৈঠকের ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার রাতেই রোকেয়া ও সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা তালা ভেঙে মিছিলে যোগ দেন এবং পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য মামুন আহমেদ ও সায়মা হক বিদিশা এবং প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।
উপাচার্য জানান, ১৭ জুলাই হলে রাজনীতি নিষিদ্ধের যে সমঝোতা হয়েছিল, তা বহাল থাকবে। তিনি বলেন, “নির্বর্তনমূলক কোনো রাজনীতি আমরা চাই না—যে রাজনীতি গণরুমের জন্ম দেয়, সেটি গ্রহণযোগ্য নয়।”
ডাকসু নির্বাচনের বিষয়ে আশাবাদ প্রকাশ করে উপাচার্য বলেন, “তোমরা ডাকসু নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছো, সেটি আমাদের জন্য উৎসাহব্যঞ্জক।”
প্রক্টর জানান, নিয়ম ভাঙার বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার সকাল ১১টায় প্রভোস্ট কমিটি বসবে এবং সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের সঙ্গেও আলোচনা হবে।
প্রসঙ্গত, ১৬ জুলাই রাতে ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর সময় শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেন এবং প্রাধ্যক্ষদের কাছ থেকে হলে রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা আদায় করেন।





