ফরিদপুরে ২০০ ইয়াবাসহ দম্পতি আটক

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫

ফরিদপুরে ২০০ টি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি দম্পতিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার (২১ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার সদরপুর উপজেলার বাবুর চর নতুন ডাঙ্গী গ্রামের দাদন মাতুব্বরের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঢেউখালী ইউনিয়নের বাবুরচর নতুন ডাঙ্গী গ্রামের মৃত তৈয়ব আলী মাতুব্বরের ছেলে দাদন মাতুব্বর( ৫০) ও তার স্ত্রী শিউলি (৪০)।

স্থানীয়রা বলেন, আমরা তার এসব কর্মকাণ্ডের ব্যাপারে কথা বললে দাদান জেল থেকে বের হবার পরে লোকজন নিয়ে এসে আমাদের উপরে হামলা করবে। এসব ভয়ে তার বিষয় নিয়ে এলাকার কেউ কখনো কথা বলার সাহস পায়নি।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে দাদন মাতুব্বর এবং তার স্ত্রী মাদক বিক্রির সাথে জড়িত। তিনি এলাকায় ত্রাস হিসেবেও পরিচিতি থাকার কারণে এলাকাবাসী কেউ তার বিরুদ্ধে সাক্ষী দিতে ভয় পেত। পরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে এবং তার স্ত্রীকে আটক করি।

এ বিষয়ে তিনি সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) স্বারনী ১০(ক) ও ৪১ ধারায় মামলা করেছেন। বর্তমানে তাদের নিয়ে আইনি কাজ চলমান রয়েছে।

উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন আরও বলেন, সমাজকে মাদক মুক্ত করতে, মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার এসব অপরাধী ধরতে আমাদেরকে সহযোগীতা করুন। নির্ভয়ে তাদের বিরুদ্ধে রুখে দাড়ান।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD