ঢাকা-১০ মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
ঢাকা-১০ মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

ঢাকা-১০ সংসদীয় আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে ব্যক্তিগতভাবে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আসিফ জানান, সরকারে দেড় বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান নির্বাচনি আসনের উন্নয়নে।

আসিফ মাহমুদের মতে, জুলাই অভ্যুত্থানের বীরদের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে, যা স্বাভাবিক রাজনৈতিক ও প্রচারণামূলক কর্মকাণ্ডকে ঝুঁকিতে ফেলছে। একইসঙ্গে ধানমন্ডি ১০ আসনে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে আগাম পোস্টার ও বুথ বসানোর বিষয়ে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন।

এদিকে ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা করেনি।

অপরদিকে, এই আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার। তিনি দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD