তেহরান–ওয়াশিংটন সংলাপ ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ও অতিরিক্ত শর্তকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে সাংবাদিকদের তিনি বলেন, আগের দফার আলোচনায় কিছু অগ্রগতি হলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।
তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের অবস্থানকেই এ অচলাবস্থার জন্য দায়ী করেন।
এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, চলমান আঞ্চলিক উত্তেজনা ও পরমাণু ইস্যু নিয়েই সেখানে বিস্তারিত আলোচনা হবে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, চলমান সংঘাত নিরসন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে দিয়েছে তেহরান।
এ প্রস্তাবে পরমাণু আলোচনার পরবর্তী ধাপ আপাতত স্থগিত রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান তিনি। পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানায়, সাম্প্রতিক আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় বিকল্প কূটনৈতিক পথ খুঁজছে তেহরান।