জঙ্গি হামলার আশঙ্কা, সতর্ক অবস্থানে সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দফতর থেকে জারি করা সতর্কবার্তা পাওয়ার কথা স্বীকার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শনিবার (২৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা হামলার আশঙ্কার তথ্য পেয়েছি এবং সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে কাজ করছে।” তবে সুনির্দিষ্টভাবে কোনো জঙ্গি সংগঠনের নাম তিনি প্রকাশ করেননি। সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, “আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা বিষয়টি মোকাবিলা করতে সক্ষম হবো।”

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পুলিশ সদর দফতর থেকে বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে পাঠানো এক বার্তায় জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়। বার্তায় নির্দিষ্ট সংগঠনের নাম উল্লেখ না থাকলেও সম্প্রতি গ্রেপ্তারকৃত উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামীর সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য উল্লেখ করা হয়েছে। সশস্ত্র বাহিনীর কতজন সদস্য গ্রেপ্তার হয়েছেন—এমন প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান জানান, এ বিষয়ে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই।

সংবাদ সম্মেলনে সাবেক ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পূর্ববর্তী মন্তব্য—’দেশে কোনো জঙ্গি নেই’—প্রসঙ্গেও প্রশ্ন তোলা হয়। এর জবাবে বর্তমান সিটিটিসি প্রধান বলেন, “আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। উগ্রবাদী তৎপরতার প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদও সদর দফতরের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা মূলত ডিএমপির প্রটেকশন বিভাগ দেখে থাকে এবং চাহিদা অনুযায়ী তারা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছেন। বর্তমানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD