মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই।
শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটির অগ্রযাত্রা প্রমাণ করে—দেশে একটি দক্ষ, প্রশিক্ষিত ও পেশাদার জনপ্রশাসন গড়ে তুলতে সরকার সবসময়ই গুরুত্ব দিয়ে এসেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই আন্দোলন প্রমাণ করেছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থা প্রত্যাশা করেছে এবং বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে কাজ করছে।

তিনি আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD