মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী মন্ত্রী এস. পল কাপুর দুই দিনের সফরে মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় পৌঁছেছেন। বিএনপি সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর।
কূটনৈতিক সূত্র জানায়, সফরটি রাজনৈতিক গুরুত্ব বহন করলেও বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নও আলোচনায় অগ্রাধিকার পাবে। এ সফরে রাজনৈতিক বোঝাপড়া, পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সংকট, আঞ্চলিক ইস্যু—বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি—আলোচনার টেবিলে থাকবে।
পল কাপুর দিল্লি থেকে মঙ্গলবার রাতে ঢাকায় আসেন। বুধবার (৪ মার্চ) তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। একই দিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়া রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন মার্কিন সহকারী মন্ত্রী।
এদিকে ঢাকা মার্কিন দূতাবাস সোমবার (৩ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে মার্কিন সহকারী মন্ত্রী নতুন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।