আবারও দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোলার মনপুরা উপজেলায় শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে এ ভূকম্পন টের পান স্থানীয়রা। হঠাৎ কম্পনে পুরো দ্বীপের বসতবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে।
হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ জানান, ফজরের নামাজ চলাকালে মসজিদে হঠাৎ কম্পন শুরু হয়। তখন উপস্থিত মুসল্লিরা বিষয়টি স্পষ্টভাবে অনুভব করেন, যা কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি করে।
স্থানীয় সূত্র জানায়, ভারতের মনিপুর ও আসামসহ পার্শ্ববর্তী এলাকায় সংঘটিত ভূমিকম্পের প্রভাবেই ভোলার মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে ২০২৪ সালের মে মাসে ভারতের মনিপুরে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবেও বাংলাদেশসহ ভোলার মনপুরা এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
এমএ