খালেদা জিয়ার শোক বইতে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
খালেদা জিয়ার শোক বইতে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। রোববার (৪ জানুয়ারি) কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হয়ে তিনি প্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান এবং শোক বইতে স্বাক্ষর করেন।

শোকবার্তা গ্রহণের তৃতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা দূতাবাসে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শোক বইতে দেওয়া মন্তব্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়াকে একজন ‘প্রভাবশালী ও দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব’ হিসেবে অভিহিত করেন।

বালা নন্দ শর্মা তাঁর শোকবার্তায় উল্লেখ করেন, খালেদা জিয়ার মৃত্যু কেবল বাংলাদেশের রাজনীতির জন্যই নয়, বরং সমগ্র দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, তিন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে নেপাল ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন খালেদা জিয়া। আঞ্চলিক সহযোগিতা ও সংহতি সুদৃঢ় করতে তাঁর আজীবন প্রচেষ্টা দক্ষিণ এশিয়ার ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন অব্যাহত রেখেছেন। বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, দক্ষিণ এশীয় অঞ্চলের সমৃদ্ধি ও স্থিতিশীলতা অর্জনে বেগম খালেদা জিয়ার স্বপ্ন ও নেতৃত্বকে প্রতিবেশী দেশগুলো গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

উল্লেখ্য, দীর্ঘদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর ভোরে শেষনিশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরদিন মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল জানাজা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁকে সমাহিত করা হয়।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD