আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের প্রস্তুতি জোরদার করতে শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে নবগঠিত ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’র প্রথম সভা আজ রোববার বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এই বৈঠক শুরু হবে। সভায় সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি রাতে নির্বাচনের কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে ৪১ সদস্যের এই শক্তিশালী কমিটি গঠন করে বিএনপি। এতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন মো. ইসমাইল জবিউল্লাহ।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়া কমিটির সদস্য হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদকসহ দলের বিভিন্ন স্তরের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, অধ্যাপক মোর্শেদ হাসান খান, ফরহাদ হালিম ডোনার, আফরোজা আব্বাস ও আবদুল মোনায়েম মুন্নাসহ ৪১ জন নেতা।
দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে সমন্বয় এবং কৌশল নির্ধারণে এই কমিটি মূল ভূমিকা পালন করবে।
ধারণা করা হচ্ছে, আজকের উদ্বোধনী বৈঠকে কমিটির কর্মপরিকল্পনা এবং পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।