আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম তার হলফনামায় ২৫ ভরি গহনার ক্রয়কালীন মূল্য ৪০ হাজার টাকা উল্লেখ করেছেন। একই সঙ্গে তার স্ত্রীর নামে থাকা ২০ ভরি গহনার মূল্য দেখানো হয়েছে ৪৫ হাজার টাকা। এসব গহনা দান, উপহার ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বলে তিনি হলফনামায় জানিয়েছেন।
নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া হলফনামা সূত্রে জানা যায়, মীর শাহে আলমের হাতে নগদ অর্থ রয়েছে ৩ কোটি ২০ লাখ ৭৭ হাজার ৯৪৫ টাকা। তার স্ত্রীর নামে নগদ অর্থ রয়েছে ৭ লাখ ৮৫ হাজার ৭৭৮ টাকা।
হলফনামার তথ্য অনুযায়ী, তার আসবাবপত্রের মধ্যে রয়েছে ৪টি খাট, ৩টি সোফা, ৪টি আলমিরা, ৩টি টেবিল, ১টি ড্রেসিং টেবিল, ১টি ফাইল কেবিনেট ও ২০টি চেয়ার। এসব আসবাবপত্রের মোট ক্রয়কালীন মূল্য দেখানো হয়েছে ৭০ হাজার টাকা।
স্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, রাজধানীর তেজগাঁওয়ের ৪/বি এলাকায় ৯০০ স্কয়ার ফিটের একটি জমি রয়েছে, যার ক্রয়কালীন মূল্য ২৬ লাখ ৩৪ হাজার ২৪০ টাকা। এছাড়া বগুড়ায় বিআরটিসি মার্কেটে ১৪৪ স্কয়ার ফিটের একটি দোকান রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।
এ ছাড়া ঢাকার মিরপুর হাউজিং লিমিটেড এলাকায় ১ হাজার ১৫০ ও ১ হাজার ৪৫০ স্কয়ার ফিটের দুটি ফ্ল্যাট রয়েছে, যার মোট ক্রয়মূল্য ৫৭ লাখ ৬৪ হাজার টাকা। হলফনামায় জেলা বিএনপির এই নেতার নামে প্রায় ১৪ কোটি টাকা ঋণের তথ্যও উল্লেখ করা হয়েছে।
এমএ