সাবেক প্রধানমন্ত্রী ও সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায় তাঁর মরদেহবাহী গাড়িটি হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করে।
শেষ শ্রদ্ধা ও জানাজা হাসপাতাল থেকে মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয়েছে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে (তারেক রহমানের বাসভবন)। সেখানে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের নেতাকর্মীরা তাঁদের প্রিয় নেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন।
পারিবারিক ও দলীয় সূত্র নিশ্চিত করেছে, গুলশানের আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে নামাজে জানাজা সম্পন্ন হওয়ার পর শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
নিরাপত্তা ও রাষ্ট্রীয় শোক জানাজা ও দাফন ঘিরে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মানিক মিয়া অ্যাভিনিউসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোট ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে সরকার আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শোকের প্রতি সম্মান জানিয়ে আজ সারাদেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে।
এমএ